বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর মতো কয়েকটি দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা করছে। তিনি বলেন, একদিকে নির্বাচন পেছানোর দাবি, অন্যদিকে প্রার্থী ঘোষণা—এটা গ্রহণযোগ্য নয়।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আপনারা একটি রাজনৈতিক দল—আমি অতীতে যেতে চাই না, মানুষ সব জানে। আজকে আপনারা বলছেন নির্বাচন পেছাতে হবে, আবার একদিকে নমিনেশনও দিচ্ছেন। তাহলে এটা কী? দ্বিচারিতা নয় কি? জনগণ সব দেখছে।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এই দলগুলো জনগণের অনুভূতি বোঝেনি। ১৯৮১ সালে শেখ হাসিনার সঙ্গে গিয়ে তারা স্বৈরশাসক এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। তারা সবসময় রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে, এবং বারবার জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন নির্বাচন করলে দুই-তিনটি আসনের বেশি পায় না।”

বিএনপি নেতা আরও বলেন, “যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, তাদের কেউ কেউ এখন এমন কথা বলছেন যা ভিন্ন বার্তা দিচ্ছে। একবার বলেন পরিবেশ নেই, আবার বলেন নির্বাচন পেছাতে হবে। তাহলে ১৫-১৬ বছরের আন্দোলন কেন হলো? এই সময়ের মধ্যে সংস্কার কি সম্ভব নয়?”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। কোনো দল বা গোষ্ঠীর সুবিধার জন্য সময় বাড়ানো উচিত হবে না।”

রিজভী আরও বলেন, “গণতন্ত্র মানে সত্য বলা, ন্যায়ের পক্ষে থাকা। সেই চর্চা আমরা চাই। আজ যারা নিজের স্বার্থে নির্বাচন নিয়ে দ্বৈত ভূমিকা রাখছেন, জনগণ তাদের বুঝে ফেলেছে। এখন সময় এসেছে প্রকৃত গণতন্ত্র ফেরত দেওয়ার।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল হক জামাল, নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আব্দুস সাত্তার পাটোয়ারী, যুবদল নেতা ওমর ফারুক কাওসার প্রমুখ।